প্রেমিকাকে দেশে ডেকে এনে হাত-পা বেঁধে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) ভারতের পশ্চিম দিল্লির তিলক নগরে ওই নারীর মরদেহ পাওয়া যায়। খবর এনডিটিভি’র।
পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম নিনা বার্গার। শুক্রবার সকালে একটি সরকারি স্কুলের কাছে তার মরদেহ পাওয়া যায়। কালো রঙের প্লাস্টিক ব্যাগে তার মরদেহ অর্ধেক ঢাকা ছিল। এ ঘটনায় পুলিশ গুরপ্রীত সিং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশের সূত্রগুলো জানিয়েছে, নিনার সঙ্গে সুইজারল্যান্ডে পরিচয় হয় গুরপ্রীতের। সেখান থেকে তাদের মধ্যে বন্ধুত্ব হয়।
নিনার সঙ্গে দেখা করতে প্রায়ই সুইজারল্যান্ড যেতেন গুরপ্রীত। কিন্তু গুরপ্রীতের সন্দেহ হয় নিনা অন্য কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে। এরপরই নিনাকে হত্যার পরিকল্পনা করে গুরপ্রীত। এজন্য তাকে ভারত আসতে বলে। গুরপ্রীতের অনুরোধে গত ১১ অক্টোবর ভারত আসেন নিনা।
এর পাঁচ দিন পর নিনাকে একটি রুমে নিয়ে যান গুরপ্রীত। সেখানে গুরপ্রীত নিনার হাত-পা বেঁধে তাকে হত্যা করেন। প্রথমে নিনার মরদেহ একটি গাড়ির ভেতর রেখেছিলেন গুরপ্রীত। কিন্তু গন্ধ বের হলে রাস্তায় মরদেহ ফেলে পালিয়ে যান তিনি।
দিল্লি পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ থেকে গুরপ্রীতের গাড়ির রেজিস্ট্রেশন নম্বর পেয়ে তাকে শনাক্ত করা হয়েছে। যে গাড়িতে নিনার মরদেহ ছিল সেটি জব্দ করেছে পুলিশ। এছাড়া গুরপ্রীতের মালিকানাধীন একটি গাড়িও জব্দ করা হয়। গুরুপ্রীতের বাড়ি থেকে সোয়া দুই কোটি রুপিও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
