ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। দেশটির কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরের বিমানবন্দরে অবস্থিত মার্কিন ঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়। বুধবার (৭ জুলাই) ভোররাতে বিমানবন্দরটিতে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
ইরাকের সাবেরিন নিউজের বরাত দিয়ে পার্সটুডে এক প্রতিবেদনে জানায়, ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিস্ফোরক বোঝাই পাইলটবিহীন বিমান বা ড্রোন দিয়েও বিমানবন্দরটিতে হামলা চালানো হয়। এসব হামলার পরপরই কার্যক্রম স্থগিত করে নিভিয়ে ফেলা হয় বিমানবন্দরটির সব বাতি। তবে হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির খবর এখনও প্রকাশ করা হয়নি।
এর আগে সোমবার ইরাকের আনবার প্রদেশে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি আইন আল-আসাদে ক্ষেপণাস্ত্র হামলা হয়। একইদিন রাতে বাগদাদে মার্কিন দূতাবাসে চালানো হয় ড্রোন হামলা। এ সময় মার্কিন সেনারা অন্তত একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করে। অবশ্য কারা এসব হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়।
