ইরানকে পারমাণবিক বোমার অধিকারী হতে দেবে না ইসরায়েল?

পারমাণবিক বোমার অধিকারী হতে ইরান সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি পশ্চিমা দেশগুলোর। যদিও সবসময়ই এ দাবি প্রত্যাখ্যান করে আসছে তেহরান। তারা বলছে, শান্তিমূলক কাজে পারমাণবিক শক্তিকে ব্যবহার করা হবে।

ইরানের পারমাণবিক বোমা তৈরির কর্মসূচির ব্যাপারে অনেকটাই ‘নিশ্চিত’ ইসরায়েল। দেশটি বলছে, চলমান গতিতে এগিয়ে গেলে ইরান আর কিছুদিনের মধ্যে পারমাণবিক বোমার মালিক হবে। অবশ্য তাদের সেই স্বপ্ন পূরণ হতে দেওয়া হবে না। ইরানকে পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে বিরত রাখতে যা করার দরকার তার সবই করবে ইসরায়েল।

এ সম্পর্কে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ বলেন, ইরানকে পারমাণবিক বোমা থেকে বঞ্চিত রাখতে ‘যখন এবং যেখানে প্রয়োজন’, সেখানে সেভাবে কাজ করবে ইসরায়েল। ইরানের সঙ্গে আমাদের দ্বন্দ্ব রয়েছে এবং আমাদের সুরক্ষা আমাদেরকেই নিশ্চিত করতে হবে।

তিনি ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ কে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেন, ইরানের পারমাণবিক বোমা বানানো ঠেকাতে দৃঢ় প্রতিজ্ঞ ইসরায়েল। ইরানকে তাদের ‘ধ্বংসাত্মক’ কার্যক্রম চালাতে দেওয়া হবে না। যে করেই হোক তাদের পারমাণবিক বোমা বানানো বন্ধ করা হবে।

এদিকে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের ভেতরে ঢুকে দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ভয়ঙ্কর এবং অত্যন্ত বিপজ্জনক এই অপারেশনের জন্য মহড়া চালাচ্ছে ইসরায়েলি সামরিকবাহিনী।

পারমাণবিক বোমার বিষয়টি নাকচ করলেও ইসরায়েলের ‘নাশকতার’ চেষ্টাকে গুরুত্ব দিচ্ছে ইরান। এজন্য সতর্ক অবস্থানে আছে তারা। পাশাপাশি দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা বলছেন, ইসরায়েল কোনও ধরনের ‘নাশকতার’ চেষ্টা করলে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *