দেশের হয়ে ভালো খেলেন না বলে অভিযোগ ছিল মেসির বিরুদ্ধে। এই অভিযোগ কাটিয়েছেন আগেই। অপেক্ষা ছিল শিরোপার। সেই অপেক্ষাও ঘুচল। আর্জেন্টিনার হয়ে অবশেষে শিরোপার স্বাদ পেলেন লিওনেল মেসি।
মেসিতে ভর করেই দীর্ঘ ২৮ বছর পর বড় কোনও টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পেল আকাশী-সাদারা। ব্রাজিলের মাঠে ব্রাজিলকে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন সাফল্যের জোছনায় আলোকিত একটি দল। মারাকানার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা-উল্লাস করেছে তারা।
অথচ এই কোপার মঞ্চেই বার বার ব্যর্থ হতে হয়েছে মেসির দলকে। ২০১৫, ২০১৬ তে দুবার কাছে গিয়েও পরম আরাধ্য শিরোপা ছোঁয়া হয়নি। এমনকি ২০১৪ বিশ্বকাপেও ব্যর্থ হতে হয়েছিল। এবারের ফাইনালে গোল না পেলেও মেসির হাত ধরেই এসেছে সাফল্য।
