রোববার (১১ জুলাই) সকালে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। আসন্ন এই ফাইনাল ম্যাচকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় রোববার ভোর থেকে জেলাজুড়ে সহস্রাধিক পুলিশ মোতায়েনের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।
রাস্তায় রাস্তায় মাইকিং করে জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। জেলা সদরে বিরাজ করছে চাপা উত্তেজনা।
পুরো পরিস্থিতি তৈরি হয়েছে গত মঙ্গলবার দুই দলের সমর্থকদের সংঘর্ষ ও এতে কয়েকজনের আহত হবার প্রেক্ষাপটে। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেজন্য সতর্ক রয়েছে প্রশাসন।
