বিএনপির মহাসমাবেশ নিয়ে কড়া বার্তা আইজিপির

বিএনপির মহাসমাবেশ ঘিরে কোন ধরণের নাশকতা বা সহিংসতা সৃষ্টি করে জানমালের ক্ষতির চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনী তা কঠোরভাবে প্রতিহত করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শনিবার (২১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের মিশন পাড়া এলাকায় শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা জানান।

সাম্প্রতিক সময়ে বিএনপির চলমান বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির কারণে দুর্গাপূজা উৎসবে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মসূচি পালনে কোন বাঁধা নেই। তবে কেউ যদি মানুষের জানমালের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যেকোন পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা ও সরকারি সম্পদ রক্ষার জন্য যে ব্যবস্থা নেয়া দরকার আমরা তাই করব। সকল পরিস্থিতি বিবেচনা করেই আমরা সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।

আইজিপি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে সুষ্ঠুভাবে ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে তাদের দুর্গাপূজার উৎসব উদযাপন করতে পারে, সেজন্য আমরা একাত্মতা ঘোষণা করে তাদের সবার পাশে আছি। আমরা বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে আশ্বস্ত করেছি তারা যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে ধর্মীয় উৎসব পালন করতে পারে সেজন্য পুলিশ সব সময় পাশে রয়েছে।

আইজিপি বলেন, এখন পর্যন্ত সারা দেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হচ্ছে। আমরা আশা করছি, প্রতিমা বিসর্জন পর্যন্ত বাকি দিনগুলো গত বছরের মতো এবারও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।


পরে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নগরীর বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করে জেলা পুলিশ সুপারের কাছ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। এসময় উপিস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *